• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাঁধনের ওপর আ.লীগ-ছাত্রলীগের হামলা, যা বললেন ডাকসু ভিপি

প্রকাশিত: ১৬:৩৩, ৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাঁধনের ওপর আ.লীগ-ছাত্রলীগের হামলা, যা বললেন ডাকসু ভিপি

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার ভাইয়ের শিশুসন্তানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ হামলার নিন্দা জানান এবং হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

পোস্টে সাদিক কায়েম দাবি করেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া মানুষদের মনোবল ভেঙে দিতে বিচ্ছিন্ন সন্ত্রাসী হামলা চালানো হলেও তা সফল হবে না।

তিনি লেখেন, ‘রেহানা মরিয়ম নূর আমাদের বোন। লীগ যদি মনে করে এইরকম বিচ্ছিন্ন সন্ত্রাসবাদী আক্রমণ করে জুলাইয়ে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নেওয়া মানুষদের মোরালকে নষ্ট করে দিতে পারবে, তাহলে তারা মূলত কল্পনার স্বর্গে বসবাস করছে।’

এ সময় আওয়ামী লীগের সঙ্গে ‘রিকনসিলিয়েশন’ বা পুনর্মিলনের কথা বলা ব্যক্তিদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন ডাকসু ভিপি। তার মতে, ‘যেসব ব্যক্তিবর্গ এই সন্ত্রাসী ও খুনী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কথা বলে থাকেন, আমরা মনে করি তাদের উদ্দেশ্য অসৎ।’

সাদিক কায়েম আরও বলেন, ‘গণহত্যাকারী এবং এই পরিচয় নিয়ে গর্ববোধ করা লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের সকল পথই আসলে বন্ধ হয়ে গেছে।’

জুলাইয়ের আন্দোলনের সময় রাজপথে নেমে অংশ নেওয়া কিংবা মৌন সমর্থন জানানো শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পাশাপাশি ইতালির ভেনিসে সংঘটিত ওই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান ডাকসু ভিপি সাদিক কায়েম।

বিভি/এজেড

মন্তব্য করুন: